সিলেটে খাদে পড়ে থাকা পোষা হাতি উদ্ধার
সিলেটে খাদে পড়ে থাকা একটি পোষা হাতিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, পুলিশ, বনবিভাগ ও স্থানীয় প্রশাসন। রোববার (১৮ জানুয়ারি) বেলা দুইটার দিকে দক্ষিণ সুরমা উপজেলার সিলেট–ফেঞ্চুগঞ্জ সড়কের শিববাড়ি এলাকায় রেললাইনের পাশ থেকে হাতিটিকে উদ্ধার করা হয়।
বনবিভাগের প্রাথমিক ধারণা, শনিবার (১৭ জানুয়ারি) রাতের কোনো এক সময়ে ট্রেনের ধাক্কায় হাতিটি খাদে পড়ে যায়। উদ্ধার শেষে হাতিটিকে একটি নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, “ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সহায়তায় হাতিটিকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় এটি খাদে পড়ে যায়।”
ফায়ার সার্ভিস দক্ষিণ সুরমা স্টেশনের ইনচার্জ তৌফিক আহমেদ চৌধুরী জানান, পুলিশ ও বন বিভাগের সঙ্গে সমন্বয় করে এক্সকেভেটর ও রশির সাহায্যে হাতিটিকে উপরে তোলা হয়।
দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভি বলেন, “উদ্ধার করা হাতিটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিছনের পায়ের কোনো একটি হাড় ভেঙে থাকতে পারে।”
এদিকে সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, ট্রেনের সঙ্গে হাতির ধাক্কার বিষয়ে রেলওয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
এ রহমান
মন্তব্য করুন: