শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ক্লাস–পরীক্ষা বর্জন,শাটডাউনের হুঁশিয়ারি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে টানা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। চেম্বার জজ আদালত শাকসু নির্বাচনের অনুমতি না দেওয়া পর্যন্ত তারা একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত থেকে পৃথক বিবৃতিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।
এদিকে বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারীরা।
সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, 'গতকাল (২০ জানুয়ারি) আমাদের ভোট হওয়ার কথা ছিল। কিন্তু একটি দলের প্ররোচনায় দুজন প্রার্থী ও একজন ভোটার হাইকোর্টে রিট করেন। এর ফলে প্রায় ৯ হাজার শিক্ষার্থীর গণতান্ত্রিক ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।'
তিনি আরও বলেন 'আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি, হাইকোর্ট যেন অনতিবিলম্বে শিক্ষার্থীদের পক্ষে রায় দেন। শিক্ষার্থীদের পক্ষে রায় না এলে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে।'
আন্দোলনকারীরা জানান, শাকসু নির্বাচন শিক্ষার্থীদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। এ অধিকার আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১ দিনের মধ্যে যেহেতু অন্য নির্বাচনের অনুমোদন নেই, তাই আমরা চাই যেন হাইকোর্ট শাকসু নির্বাচনের ক্ষেত্রে সেই বিধান বাধ্যবাধকতার আওতামুক্ত রাখবে। আমাদের নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে অনেক আগেই। তাই আমরা যেকোনো মূল্যে শাকসু চাই। কারো চাপ আমরা মেনে নেব না।’
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: