সিলেটে যুবকদের সঙ্গে রাজনৈতিক সংলাপে তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেটের তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নগরের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক আয়োজনে অংশ নেওয়া তরুণদের বক্তব্য শোনেন তিনি। অনুষ্ঠানে আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, তরুণদের মতামত শোনার পাশাপাশি তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তারেক রহমান।
অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণরা সবাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানা গেছে। মতবিনিময় শেষে তারেক রহমান আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
এর আগে বুধবার মধ্যরাতে সিলেট সফরে এসে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)–এর মাজার জিয়ারত করেন তারেক রহমান। পরে তিনি দক্ষিণ সুরমার সিলামে তাঁর শ্বশুরবাড়িতে যান। সেখানে তিনি বলেন, দক্ষিণ সুরমার মাটি থেকে ১২ ফেব্রুয়ারির নির্বাচন উপলক্ষে তাঁর প্রচারণা শুরু হয়েছে। এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
সাবেক আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে তারেক রহমান বলেন, গত ১৫ বছরে মানুষের বাক্স্বাধীনতা ও ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে। এ সময় উপস্থিত জনতার কাছে তিনি জানতে চান, তাঁরা গত ১৫ বছরে ভোট দিতে পেরেছেন কি না। জবাবে উপস্থিতরা সমস্বরে ‘না’ বলেন।
তারেক রহমান আরও বলেন, তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চায় বিএনপি। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া খাল খনন কর্মসূচি আবার চালুর কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এসব কর্মসূচি বাস্তবায়নে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর কন্যা। ১৯৯৪ সালে তাঁদের বিয়ে হয়।
তাহির আহমদ
মন্তব্য করুন: