ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত থেকে সরলেন শাবিপ্রবি শিক্ষার্থীরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে চলমান ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি ও হয়রানির কথা বিবেচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে আন্দোলনরত বিভিন্ন প্যানেলের প্রার্থী ও শিক্ষার্থী প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন।
ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির জানান, আজ থেকেই তারা ক্লাস ও পরীক্ষায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, “আমরা শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী ক্লাস-পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত নিয়েছি। তবে শাকসু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানতে হবে। প্রশাসনের সঙ্গে আমাদের আলোচনা চলমান রয়েছে।”
একই সুরে কথা বলেছেন শাকসুতে স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার। তিনি জানান, শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপের কথা মাথায় রেখে তারা ‘কমপ্লিট শাটডাউন’-এর মতো কঠোর কর্মসূচি থেকে সরে এসেছেন। বর্তমানে আইনি প্রক্রিয়ার দিকেই নজর রাখছেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে যে আপিল করা হয়েছে, তার রায়ের ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে। যদি রায় শিক্ষার্থীদের বিপক্ষে যায়, তবে পুনরায় সবার সাথে আলোচনা করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। আপাতত বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সচল রাখতেই তারা এই ছাড় দিয়েছেন।
দীর্ঘ ২৮ বছর পর গত ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ১৯ জানুয়ারি হাইকোর্ট এক রিটের প্রেক্ষিতে ৪ সপ্তাহের স্থগিতাদেশ দেন। এর প্রতিবাদে ২১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন শুরু করেছিলেন। তিন দিন পর আজ সেই অচলাবস্থার অবসান ঘটল।
এ রহমান
মন্তব্য করুন: