সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট বন্ধের অপচেষ্টা: প্রতিবাদে মঙ্গলবার ‘মার্চ ফর বিমান’
সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট স্থায়ীভাবে চালু রাখার দাবিতে সিলেটে ‘মার্চ ফর বিমান’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিমান অফিস অভিমুখে এই পদযাত্রা কর্মসূচি পালিত হবে।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে সিলেট নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে ইউকে এনআরবি সোসাইটি ও নর্থ ইউকে বাংলাদেশি হেরিটেজ কাউন্সিলর’স ফোরাম এই ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউকে এনআরবি সোসাইটির পরিচালক এম. জুনেদ আহমদ বলেন, “বিমান কর্তৃপক্ষ এই রুটকে লোকসানি দাবি করে সাময়িক স্থগিতের যে ঘোষণা দিয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। বাস্তবে এই রুটে বিমানের ব্যবসা হার ৮৩ শতাংশের বেশি। যেখানে প্রবাসীরা দ্বিগুণ দামে টিকিট কিনছেন, সেখানে লোকসানের তথ্য দিয়ে একটি অসাধু চক্র রুটটি বন্ধের চক্রান্ত করছে।”
তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান, ২০২৫ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এই রুটে প্রায় ৩৮ হাজার যাত্রী যাতায়াত করেছেন। মোট ৪৫ হাজার আসনের বিপরীতে এই বিশাল সংখ্যক যাত্রীই প্রমাণ করে যে রুটটি অত্যন্ত লাভজনক।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ডে প্রায় ৭-৮ লাখ প্রবাসী বসবাস করেন। এই রুটটি বন্ধ হলে বয়স্ক, নারী ও শিশুরা চরম ভোগান্তিতে পড়বেন। বর্তমানে ১২-১৩ ঘণ্টার যাত্রার পরিবর্তে হিথ্রো হয়ে যাতায়াত করলে সময় লাগবে প্রায় ২২-২৪ ঘণ্টা। তারা লাভজনক রুট বন্ধ না করে বিমানের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও উড়োজাহাজ সংকট নিরসনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিনিয়র সাংবাদিক ও রাজনীতিক নজরুল ইসলাম বাসন, ইউকে এনআরবি সোসাইটির পরিচালক মিজানুর রহমান, ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সাংবাদিক ওয়েছ খছরু, কাউন্সিলর জাহাঙ্গীর হক এবং প্রথম ব্রিটিশ-বাংলাদেশি এভারেস্ট জয়ী আখি রহমান।
প্রবাসীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সিলেট-ম্যানচেস্টার রুট বন্ধ করা হলে প্রবাসীরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। তারা অবিলম্বে এই স্থগিতাদেশ প্রত্যাহারের জোর দাবি জানান।
এ রহমান
মন্তব্য করুন: