জৈন্তাপুরে বিজিবির সঙ্গে সংঘর্ষ: গুলিবিদ্ধ তরুণের মৃত্যু
সিলেটের জৈন্তাপুরে বিজিবি সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ মো. আতিক আহমেদ (২০) মারা গেছেন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আতিক আহমেদ জৈন্তাপুর উপজেলার গৌরিশঙ্কর গ্রামের মৃত নূর নবীর ছেলে।
গত ২২ জানুয়ারি রাত সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে জৈন্তাপুর থানাধীন গৌরীশংকর টিপরাখোলা এলাকায় টহলরত বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় চোরাকারবারিদের সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে এক বিজিবি সদস্য মাথায় গুরুতর আঘাত পান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি গুলি চালালে আতিক আহমেদ গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় বিজিবি সদস্যসহ আরও তিনজন আহত হয়েছিলেন।
আশঙ্কাজনক অবস্থায় আতিককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, "গুলিবিদ্ধ তরুণ আজ বিকেলে হাসপাতালে মারা গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
ওসমানী হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, মৃত্যুর খবর পাওয়া গেছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।
আতিকের অকাল মৃত্যুতে এলাকায় চাপা উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: