সিলেট-৬ আসনে ভোটের ছক: জয়ের চাবিকাঠি কি আওয়ামী লীগের ভোটব্যাংকে?
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যান্য আসনের মতো সরগরম হয়ে উঠেছে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন। এবার এই আসনে লড়াই করছেন ৫ জন প্রার্থী। তবে নির্বাচনের মাঠে আওয়ামী লীগ না থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দলটির বিশাল ভোটব্যাংক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের সেই ‘নিশ্চুপ’ ভোটগুলো যে প্রার্থীর থলিতে বেশি পড়বে, তিনিই শেষ পর্যন্ত হাসবেন বিজয়ের হাসি।
নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকায় সিলেট-৬ আসন থেকে লড়াই করছেন এমরান আহমদ চৌধুরী (বিএনপি) – প্রতীক: ধানের শীষ, মোহাম্মদ সেলিম উদ্দিন (জামায়াতে ইসলামী) – প্রতীক: দাঁড়িপাল্লা, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম (স্বতন্ত্র) – প্রতীক: হেলিকপ্টার, জাহিদুর রহমান (গণঅধিকার পরিষদ) – প্রতীক: ট্রাক, মোহাম্মদ আব্দুন নূর (জাতীয় পার্টি) – প্রতীক: লাঙ্গল।
দীর্ঘদিন আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এই আসনে এবার দলটির কোনো প্রার্থী নেই। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানিয়েছেন, কেন্দ্রীয় নির্দেশ ছাড়া তারা কেন্দ্রে যাবেন না। বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, “নৌকা নেই, তাই ভোটে আমাদের কোনো আগ্রহ নেই।”
এদিকে বিএনপি ও জামায়াত—উভয় দলই আওয়ামী লীগের এই ভোটব্যাংক নিজেদের পক্ষে টানার কৌশল নিচ্ছে। বিএনপি বলছে, আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের হয়রানি না করার নিশ্চয়তা দিয়ে তারা ভোট চাইছে। অন্যদিকে জামায়াত বলছে, দেশ গড়তে তারা সবাইকে নিয়ে চলতে চায় এবং আওয়ামী ভোটারদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করবে।
নির্বাচনী মাঠে লড়াইটা মূলত ত্রিমুখী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিএনপির এমরান আহমদ চৌধুরী দলীয় ঐক্য ফিরিয়ে এনে ধানের শীষের পাল্লা ভারী করার চেষ্টা করছেন। অন্যদিকে জামায়াতের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন আঁটসাঁট বেঁধে মাঠে নেমেছেন; উন্নয়ন ও দুর্নীতিরোধের প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
তবে সব হিসাব পাল্টে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থী জমিয়ত নেতা হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। তাঁর আবেগপ্রবণ বক্তব্য এবং গত দুই বছরে এলাকার মানুষের পাশে থাকার ইমেজ তাকে ‘হেলিকপ্টার’ প্রতীক নিয়ে শক্ত অবস্থানে দাঁড় করিয়েছে। তরুণ ভোটারদের মধ্যে তাঁর ব্যাপক জনপ্রিয়তা অন্য প্রার্থীদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সিলেট-৬ আসনে এর আগে ১২টি নির্বাচনের মধ্যে ৭ বারই জয়ী হয়েছে আওয়ামী লীগ। বিএনপি জিতেছিল ১৯৯৬ সালের বিতর্কিত নির্বাচনে। তবে স্বতন্ত্র প্রার্থীরাও এখানে দুইবার চমক দেখিয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের বিপুল ভোটার ভোটকেন্দ্রে আসবেন কি না, আর এলেও কার প্রতীকে সিল দেবেন—তা-ই হবে এবারের নির্বাচনের নির্ধারক।
এ রহমান
মন্তব্য করুন: