এক বছরে দৃশ্যমান উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার আরিফুল হক চৌধুরীর
সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, “আপনারা ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ মাত্র এক বছরের মধ্যে এলাকার দৃশ্যমান পরিবর্তন ও উন্নয়ন দেখতে পারবেন।”
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে গোয়াইনঘাট উপজেলার ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল বাজার পুরাতন হাই স্কুল মাঠে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারের সমালোচনা করে আরিফুল হক চৌধুরী বলেন, “গত ১৭ বছর এই আসনে উন্নয়নের কোনো ছিটেফোঁটা পড়েনি। এটি যেন অধিকারবঞ্চিত এক বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে। আমি উন্নয়নের রাজনীতি করি, মানুষের অধিকারের কথা বলি। ধানের শীষ বিজয়ী হলে এই অবহেলিত জনপদে উন্নয়নের জোয়ার আসবেই।”
দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, “বিএনপির ভাইদের স্পষ্ট করে বলতে চাই—ক্ষমতার দাপট বা গায়ের জোরে কাউকে মামলা, হামলা বা নির্যাতন করা যাবে না। আমি অন্যায়ের বিরুদ্ধে আপসহীন। আমার দলের কেউ যদি সাধারণ মানুষের ওপর অন্যায় করে, তবে আমি তাকে বিন্দুমাত্র ছাড় দেব না।”
তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সামস উদ্দিন আল-আজাদের পরিচালনায় ও মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিকাল ৫টার আগেই তোয়াকুল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সভাস্থলে আসতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় তোয়াকুল বাজারের পুরাতন হাই স্কুল মাঠ। সাধারণ মানুষের উপস্থিতিতে পথসভাটি জনসভায় রূপ নেয়।
এ রহমান
মন্তব্য করুন: