জগন্নাথপুরে মামুনুল হক
‘জুলাই গণঅভ্যুত্থানের ফসল ঘরে তুলতে ১১ দলীয় জোট’
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বিগত ৫৪ বছরে দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো জনগণের ভাগ্য পরিবর্তনে ব্যর্থ হয়েছে। তারা কেবল নিজেদের পকেট ভারী করার এবং লুটপাটের রাজনীতি করেছে। এই দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান ঘটাতেই সারাদেশে ১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর সমর্থনে এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
বিগত সরকারগুলোর সমালোচনা করে মামুনুল হক বলেন, “বিগত দিনে দেশে যে গুন্ডামির রাজনীতি চলেছে, সাধারণ মানুষ তাতে অতিষ্ঠ। যে দলই ক্ষমতায় যায়, তারা জনগণের কথা ভুলে লুটপাটে মত্ত হয়। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা যে বিজয় ছিনিয়ে এনেছে, তার সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিতেই আমরা ১১ দলীয় জোট গঠন করেছি। এই জোট হলো গণঅভ্যুত্থানের ফসল রক্ষা করার হাতিয়ার।”
সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জোটের প্রার্থী শাহীনুর পাশা চৌধুরীকে একজন পরীক্ষিত ও সাহসী নেতা উল্লেখ করে মামুনুল হক বলেন, “এলাকার উন্নয়ন এবং দ্বীনি মূল্যবোধ রক্ষায় শাহীনুর পাশার কোনো বিকল্প নেই। তাকে বিজয়ী করলে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, ১১ দলীয় জোট কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। তিনি ভোটারদের ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার এবং জোটের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
জনসভায় মাওলানা শাহীনুর পাশা চৌধুরীসহ ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: