সিলেটে খন্দকার মুক্তাদিরের গণসংযোগ
‘তারেক রহমানের আগমনে গণজোয়ার সৃষ্টি হয়েছে’
সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এখন ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।”
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেট নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
নগরীর পাঠানটুলা এলাকা থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে নির্বাচনি প্রচারণা শুরু হয়। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে গণসংযোগটি বিশাল গণমিছিলে রূপ নেয়। মিছিলটি পাঠানটুলা থেকে শুরু হয়ে মসজিদ গলি, মোহনা আবাসিক এলাকা, লন্ডনী রোড, সুবিদবাজার, বনকলাপাড়া ও পীরমহল্লা হয়ে খাসদবীসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
মিছিল চলাকালে বিভিন্ন এলাকায় দেখা যায় এক আবেগঘন পরিবেশ। বিশেষ করে পীরমহল্লা ও সুবিদবাজার এলাকায় অনেক মহিলা ভোটার তাদের বাসার বারান্দা থেকে খন্দকার মুক্তাদিরের ওপর ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান। এসময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করলে মহিলারা জানান, দীর্ঘ দেড় যুগ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এবার তারা ধানের শীষকে জয়ী করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এদিকে, সিলেট-১ আসনের অন্যতম ভোট ব্যাংক হিসেবে পরিচিত লাক্কাতুরা চা বাগানের শ্রমিকরা খন্দকার আব্দুল মুক্তাদিরকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। সোমবার রাতে লাক্কাতুরায় আয়োজিত এক সভায় চা শ্রমিক নেতৃবৃন্দ ঘোষণা করেন, তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন।
প্রচারণা ও গণমিছিলে খন্দকার মুক্তাদিরের সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মাহবুব কাদির শাহী, নজীবুর রহমান নজিব, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও দিনার খান হাসু। এছাড়াও জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।
সিলেটের রাজনীতিতে ঐতিহ্য অনুযায়ী সিলেট-১ আসনের ফলাফল জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খন্দকার মুক্তাদিরের এই বিশাল শো-ডাউন শহরজুড়ে ধানের শীষের জোরালো উপস্থিতির জানান দিচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: