লন্ডনে ছেলের মৃত্যু
ছেলের শোক সইতে পারলেন না বাবা, চিরবিদায় নিলেন কামরানও
লন্ডনে সড়ক দুর্ঘটনায় নিহত প্রিয় সন্তানের মৃত্যুর সংবাদ সইতে পারলেন না বাবা ফজলুল হক। ছেলের মৃত্যুর শোকে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে সিলেটের জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহত ফজলুল হক সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি পূর্ব লন্ডনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ফজলুল হকের ছেলে ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নাফিজুল হক শাকিল। ১৯ জানুয়ারি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাকিলের মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ফজলুল হক ছেলের এই মৃত্যুর সংবাদ শোনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকে পরবর্তীতে রাগিব-রাবেয়া হাসপাতালে নেওয়া হলে শনিবার মধ্যরাতে তিনি মারা যান।
ফজলুল হকের আরেক ছেলে মো. কামরান বিষাদভরা কণ্ঠে বলেন, “আব্বা আর নেই। বড় ভাইয়ের মৃত্যু সংবাদ শোনার পর থেকেই তিনি ভেঙে পড়েছিলেন। শেষ পর্যন্ত আমাদের ছেড়ে চলে গেলেন।” মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, লন্ডনে নিহত নাফিজুল হক শাকিলের মরদেহ এখনো রয়েল লন্ডন হাসপাতালের মর্গ (করোনার কোর্ট)-এ রয়েছে। সেখানে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।
বাবা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে কানাইঘাট উপজেলাসহ সিলেটের প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে লন্ডনের ডেলিভারি ড্রাইভারদের সংগঠন ‘বেথনালগ্রীণ রাইডার গ্রুপ’। সংগঠনের অ্যাডমিন দেলোয়ার হোসাইন জানান, তাঁরা শাকিলের পরিবারের জন্য আর্থিক অনুদান সংগ্রহ ও তা দ্রুত পাঠানোর উদ্যোগ নিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: