‘সংবিধানে ‘বিসমিল্লাহ’ নিয়ে কোনো পরিবর্তনের প্রস্তাব জুলাই সনদে নেই’
Led Bottom Ad

শাবিপ্রবিতে মতবিনিময় সভায় আলী রীয়াজ

‘সংবিধানে ‘বিসমিল্লাহ’ নিয়ে কোনো পরিবর্তনের প্রস্তাব জুলাই সনদে নেই’

শাবিপ্রবি প্রতিনিধি

০১/০২/২০২৬ ১৭:১৬:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​আসন্ন গণভোট ও ‘জুলাই সনদ’ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, জুলাই সনদের কোথাও সংবিধান থেকে ‘বিসমিল্লাহ’ তুলে দেওয়ার কথা উল্লেখ নেই, অথচ মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

​রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এবং গণভোটের প্রচার’ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

​ড. আলী রীয়াজ বলেন, “একটি পক্ষ প্রচার করছে জুলাই সনদের স্বীকৃতির মাধ্যমে নাকি মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হচ্ছে। বাস্তবতা হলো—জুলাই সনদে বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই আদর্শগুলো আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল ঘোষণারও ভিত্তি ছিল। ফলে যারা একে মুক্তিযুদ্ধের বিরোধী বলছেন, তাঁরা মূলত মিথ্যাচার করছেন।”

​সেকুলারিজম ও ধর্মভিত্তিক রাষ্ট্র প্রসঙ্গে তিনি আরও বলেন, “প্রচার করা হচ্ছে বাংলাদেশ নাকি ধর্মভিত্তিক রাষ্ট্র হতে চলেছে। অথচ জুলাই সনদ বাস্তবায়নে একমত হওয়া ৩০টি রাজনৈতিক দলের ২৯টিই পরিষ্কারভাবে বলেছে—বাংলাদেশ একটি বহু জাতিগোষ্ঠী, বহুধর্মী ও বহুভাষী দেশ হিসেবে সকল সম্প্রদায়ের মর্যাদা নিশ্চিত করবে।”

​অপপ্রচারকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “গণভোটের প্রশ্নটি খুবই স্বচ্ছ। ২০২৪-এর জুলাই মাসে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে জাতীয় সনদ তৈরি হয়েছে, জনগণ তা গ্রহণ করবে কি করবে না—এটাই হলো আসল বিষয়। ষড়যন্ত্র করে এই গণজোয়ার ঠেকানো যাবে না।”

​সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ড. আলী রীয়াজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং রাষ্ট্র সংস্কারের ধারাবাহিকতা রক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানান।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad