সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শবে বরাত পালিত
Led Bottom Ad

দুই ওলির মাজারে মুসল্লিদের ঢল

সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শবে বরাত পালিত

প্রথম সিলেট প্রতিবেদন

০৪/০২/২০২৬ ১০:৪১:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সিলেটে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হচ্ছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সিলেটের মসজিদ ও মাজারগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

​বিশেষ করে আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেটের দুই প্রধান ওলি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজারে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। মঙ্গলবার এশার নামাজের পর থেকেই নগরীর দরগাহ গেট এলাকায় শাহজালাল (রহ.) মাজারে তিল ধারণের ঠাঁই ছিল না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা মাজার জিয়ারত, নফল নামাজ ও পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে রাত অতিবাহিত করছেন। কেউবা মাজার সংলগ্ন কবরস্থানে প্রিয়জনদের কবরের পাশে দাঁড়িয়ে চোখের জলে মোনাজাত করছেন।

​রাত দশটার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদের সামনে বিশাল এক জামাতে জিকিরে মগ্ন হতে দেখা যায় বিপুল সংখ্যক মুসল্লিকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি মাজারের নিজস্ব স্বেচ্ছাসেবক দল ভিড় নিয়ন্ত্রণে নিরলস কাজ করছেন। খাদিমনগরস্থ হযরত শাহপরান (রহ.) মাজারেও দেখা গেছে একই চিত্র; সেখানেও ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছে।

​শবে বরাতকে কেন্দ্র করে মাজার এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রবেশপথগুলোতে টুপি, তসবিহ, আতর, আগরবাতি ও মোমবাতি নিয়ে বসেছেন মৌসুমী ব্যবসায়ীরা। অনেককে সামর্থ্য অনুযায়ী দান-খয়রাত করতেও দেখা যায়।

​মাজারে আসা মুসল্লিরা জানান, তারা মূলত নিজের ও পরিবারের কল্যাণ এবং দেশ ও দশের শান্তির জন্য দোয়া করতে এসেছেন। এক মুসল্লি বলেন, “এই মহিমান্বিত রাতে মহান আল্লাহর দরবারে ক্ষমা চাইতে এসেছি। আল্লাহ যেন আমাদের সকল বিপদ-আপদ থেকে রক্ষা করেন এবং দেশকে শান্তিতে রাখেন।”

​সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) জানিয়েছে, শবে বরাত উপলক্ষে মাজার ও গুরুত্বপূর্ণ মসজিদ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণভাবে ইবাদত সম্পন্ন করতে টহল জোরদার করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad