বিশ্বনাথে ধানের শীষের শেষ নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট–২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনার শেষ নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। সোমবার বিকেলে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার প্রবাসী চত্বরসংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়; এটি গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। তিনি বলেন, ধানের শীষ কোনো সাধারণ প্রতীক নয়; এটি মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর প্রতীক।
বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই। জনগণের শক্তিতেই অন্যায় ও দমন–পীড়নের বিরুদ্ধে বিজয় আসবে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, একটি ভোট ইতিহাস বদলে দিতে পারে। সবাইকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো উসকানি বা ফাঁদে পা না দিতে হবে।
নিজের নির্বাচনী পরিকল্পনার কথা তুলে ধরে তাহসিনা রুশদীর লুনা বলেন, সিলেট–২ আসনের সমস্যা চিহ্নিত করা হয়েছে। নির্বাচিত হলে প্রথম বছরেই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। বক্তব্যে সদ্য প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর মাগফিরাত কামনাও করেন তিনি।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া ও যুবদলের আহ্বায়ক সামসুল ইসলামের যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি এম. আসকির আলী, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম, ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও ছোট ছেলে লাবীব শারার।
জনসভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এর আগে দুপুর থেকে বিশ্বনাথ ও ওসমানীনগরের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার–ফেস্টুন ও মিছিল নিয়ে জনসভায় যোগ দেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: