লেবুর হালিতে ১০০ টাকার ছক্কা
রমজানের আগেই সিলেটে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি
পবিত্র রমজান মাস শুরু হতে এখনো কিছুদিন বাকি থাকলেও আগেভাগেই সিলেটের নিত্যপণ্যের বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ইফতারে প্রয়োজনীয় সবজি ও মসলার দাম সপ্তাহের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বেড়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজারে সবচেয়ে বেশি দাম বেড়েছে লেবুর। সপ্তাহের ব্যবধানে প্রতি হালি লেবুর দাম ৪০ থেকে ৫০ টাকা বেড়ে এখন ১০০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, রমজানে চাহিদা বাড়ার আশঙ্কায় তারা আগাম দাম বাড়িয়েছেন।
শসার দাম কেজিতে ১০ টাকা বেড়ে খুচরা বাজারে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গাজরসহ সালাদজাতীয় অন্যান্য সবজির দামও বেড়েছে। তবে ফুলকপি, বাঁধাকপি, মুলা ও শিমের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে।
সবজির পাশাপাশি পেঁয়াজ ও রসুনের দামও ঊর্ধ্বমুখী। পেঁয়াজ কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়ে এখন ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। রসুনের দাম বেড়ে দাঁড়িয়েছে কেজিপ্রতি ১৭০ টাকা।
ভোজ্যতেলের বাজারেও অস্থিরতা বিরাজ করছে। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমে গেছে। আগে প্রতি লিটার ১৯০ থেকে ১৯৫ টাকায় বিক্রি হলেও এখন তা ২০০ থেকে ২০৫ টাকায় বিক্রি করতে হচ্ছে।
খাদ্যপণ্য বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, “কোম্পানি থেকে সরবরাহ কম আসছে। চাহিদা বাড়ার আগেই বাজারে চাপ তৈরি হয়েছে। যদি নজরদারি না বাড়ে, সামনে দাম আরও বাড়তে পারে।”
বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
রাহাত
মন্তব্য করুন: