সিলেটের উন্নয়নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা মন্ত্রী মুক্তাদির ও হাবিবুর রহমানের
সিলেটের দীর্ঘদিনের রাজনৈতিক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে অঞ্চলটিকে সম্মিলিতভাবে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সিলেট-১ আসনের এই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে পাশাপাশি বসে কুশল বিনিময় ও কোলাকুলি করেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, "আমরা সিলেটের রাজনৈতিক সম্প্রীতি লালন ও ধারণ করব। সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কার কিংবা পানি সমস্যার সমাধান কোনো ব্যক্তিগত কাজ নয়, বরং এর সুফল পুরো সিলেটবাসী ভোগ করবে। তাই আমরা সবাই মিলে সিলেটের উন্নয়নকে অগ্রাধিকার দেব।"
নির্বাচনী প্রতিশ্রুতি আগামী পাঁচ বছরে অক্ষরে অক্ষরে পালনের ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, সিলেটের জীবনমান উন্নয়নে নেওয়া সকল পরিকল্পনা অচিরেই দৃশ্যমান হবে।
বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, "রোজার ঠিক আগেই আমরা দায়িত্ব নিয়েছি। বর্তমানে যে পরিমাণ খাদ্য মজুদ ও ভোগ্যপণ্যের সরবরাহ আছে, তাতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমদানি নির্ভর পণ্যগুলোর দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকারের নজরদারি আরও জোরদার করা হচ্ছে।"
জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: