গোলাপগঞ্জে এমপি এমরান চৌধুরী
‘ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেই বিএনপি সরকার গঠন করেছে’
সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিএনপি ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে নিরঙ্কুশ জনসমর্থন নিয়ে সরকার গঠন করেছে। কৃষক, তরুণ ও যুবকসহ সব শ্রেণির মানুষ ধানের শীষের পক্ষে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করেছে বলেই আজ এই বিজয় সম্ভব হয়েছে।
শনিবার রাত ১১টায় গোলাপগঞ্জ পৌর এলাকায় নিউইয়র্ক মহানগর বিএনপি উত্তরের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ চৌধুরীর যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে আয়োজিত এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান চৌধুরী আরও বলেন, নির্বাচনের আগের রাতে যারা কালো টাকা দিয়ে ভোট কিনতে চেয়েছিল, সচেতন জনতা তাদের কঠোরভাবে প্রতিরোধ করেছে।
বক্তব্যকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "আমাদের নেতা স্পষ্ট বলেছেন, জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। বিএনপির কোনো নেতাকর্মী যদি অন্যায়ে লিপ্ত হন, তবে তাৎক্ষণিকভাবে আমাকে জানাবেন, আমি কঠোর ব্যবস্থা গ্রহণ করব।"
৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তাহেল আহমদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফয়েজ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর বিএনপি উত্তরের সহ-সভাপতি এ জি এম জাহাঙ্গীর হাসান, জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরীসহ উপজেলা ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ রহমান
মন্তব্য করুন: