চিকিৎসায় গাফিলতির অভিযোগ
সিলেটে ইবনে সিনা হাসপাতালে ভুল ব্যবস্থাপত্রে রোগীর মৃত্যুর খবর
সিলেটের সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে অন্য রোগীর ব্যবস্থাপত্র ও রিপোর্ট অনুযায়ী ভুল চিকিৎসা দেওয়ায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। নিহত কামাল উদ্দিন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাসিন্দা।
স্বজনদের অভিযোগ, পিত্তথলির পাথর অপারেশনের জন্য গত শুক্রবার হাসপাতালে ভর্তি হওয়া কামাল উদ্দিনকে অন্য এক রোগীর (ময়না মিয়া) ব্রেন টিউমারের রিপোর্ট দেখে ভুল ইনজেকশন বা অ্যানেসথেশিয়া দেওয়া হয়েছে। শনিবার রাত ৯টার দিকে অ্যানেসথেশিয়া চিকিৎসক লিটন যখন স্বজনদের জানান যে রোগীর ব্রেনে টিউমার রয়েছে, তখন পরিবারের সদস্যরা দেখতে পান চিকিৎসকের হাতে কামাল উদ্দিনের পরিবর্তে অন্য রোগীর ফাইল। এ নিয়ে বাকবিতণ্ডার পর তড়িঘড়ি করে ফাইল সরিয়ে ফেলা হয় এবং এর কিছুক্ষণ পরই অপারেশন থিয়েটার থেকে কামাল উদ্দিনের নিথর দেহ বের করে আনা হয়।
ঘটনার আকস্মিকতায় স্বজনরা হাসপাতালের ভেতরে বিক্ষোভে ফেটে পড়েন এবং চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ আনেন। যদিও সার্জারি বিভাগের চিকিৎসক আহমদ নাসিম হাসান লাভলু প্রাথমিকভাবে রোগীর অবস্থা ঠিক আছে বলে আশ্বস্ত করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ ভুল চিকিৎসার অভিযোগ সরাসরি স্বীকার না করলেও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
সিলেট ইবনে সিনা হাসপাতালের এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ ওবায়দুল হক জানিয়েছেন, স্বজনদের অভিযোগের সত্যতা যাচাই করতে এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসক ও সংশ্লিষ্ট স্টাফদের বিষয়ে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এ রহমান
মন্তব্য করুন: