সুরমার দূষিত পানিতে ধোয়া হচ্ছে হাসপাতালের কাপড়: সিলেটে চরম স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা
Led Bottom Ad

সুরমার দূষিত পানিতে ধোয়া হচ্ছে হাসপাতালের কাপড়: সিলেটে চরম স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা

প্রথম ডেস্ক

০১/০৩/২০২৬ ১৪:১৯:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর বিষাক্ত কালো পানিতে প্রকাশ্যে ধোয়া হচ্ছে বিভিন্ন বেসরকারি হাসপাতালের ব্যবহৃত বিছানার চাদর ও বালিশের কাভার, যা নগরবাসীর জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
গত শুক্রবার নগরীর তোপখানা ও কাজিরবাজার এলাকায় সরেজমিনে দেখা গেছে, নদীর পাড়ে স্তূপীকৃত ময়লা-আবর্জনার পাশেই ‘প্রাইম হাসপাতাল সিলেট’ লোগো সম্বলিত হাসপাতালের কাপড়গুলো অত্যন্ত নোংরা পানিতে ধুয়ে খোলা মাটিতেই শুকানো হচ্ছে। শুষ্ক মৌসুমে নদীর পানি কমে গিয়ে যখন দূষণ সর্বোচ্চ পর্যায়ে থাকে, তখন হাসপাতালের সংক্রামক জীবাণুযুক্ত এই কাপড়গুলো নদীতে ধোয়ার ফলে একদিকে নদী দূষণ ভয়াবহ রূপ নিচ্ছে, অন্যদিকে রোগীরা চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। হাসপাতালের কাপড় ধোয়ার নির্ধারিত নীতিমালায় উন্মুক্ত জলাশয়ে কাপড় ধোয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও সিলেটে বছরের পর বছর এই নিয়ম লঙ্ঘন করা হচ্ছে; অথচ সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি—তাঁদের কাছে কোনো লিখিত অভিযোগ নেই।
সিলেট জেলা স্যানিটারি ইন্সপেক্টর শেখর কান্তি পাল একে নিজের আওতা বহির্ভূত কাজ দাবি করলেও জেলা সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. আনিসুর রহমান একে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি হিসেবে স্বীকার করলেও ধোয়ার নীতিমালা সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেননি।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের সদস্য সচিব আবদুল করিম কিম প্রশাসনের এমন উদাসীনতাকে দায়ী করে বলেন, প্রকাশ্যে এমন অপকর্ম চললেও দেখার কেউ নেই।

অভিযুক্ত প্রাইম হাসপাতালের হাউজকিপিং ম্যানেজার মো. ছামিরুল দায় এড়িয়ে জানিয়েছেন, তাঁরা লন্ড্রির মাধ্যমে কাপড় পাঠান এবং কোথায় ধোয়া হয় তা তাঁদের জানা নেই। 

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad