গোয়াইনঘাটে ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ দুইজন আটক
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (৪ মার্চ) ভোররাতে উপজেলার তিতারাই এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে এই সাফল্য আসে। পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে একটি ডিআই পিকআপ যোগে ভারতীয় পণ্যের বড় চালান সিলেট শহরের দিকে যাচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে তিতারাই এলাকায় অবস্থান নেয় পুলিশ। সন্দেহভাজন গাড়িটিকে থামার সংকেত দিলে চালকসহ দুইজন পালানোর চেষ্টা করেন, তবে পুলিশ ধাওয়া করে তাঁদের আটক করতে সক্ষম হয়। পরে গাড়িটি তল্লাশি করে ১০ লাখ ২৪ হাজার পিস ভারতীয় ছোট ব্যাটারি এবং ২ হাজার ৩০৪ পিস পন্ডস ফেসওয়াশ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৬ লাখ ৪১ হাজার ৬০০ টাকা।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও যোগ করেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে পুলিশের এমন নিয়মিত অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: