ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত কানাইঘাট: দিশেহারা শিশুর ভিডিও ভাইরাল
সিলেটে গত দুই দিনের টানা বৃষ্টিপাত ও শনিবার মধ্যরাতে আঘাত হানা ভয়াবহ ঝড় এবং মৌসুমের প্রথম শিলাবৃষ্টিতে কানাইঘাট উপজেলার বাউরভাগ ২য় খণ্ড গ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের কবলে পড়ে হান্নান হোসেন (৫) নামের এক শিশু দিশেহারা হয়ে কান্নাকাটি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে এবং জনমনে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার মধ্যরাতে প্রচণ্ড ঝড়ে বাউরভাগ ২য় খণ্ড গ্রামের বাসিন্দা হান্নান হোসেনদের বসতঘরের টিনের চাল উড়ে যায় এবং বাড়ির ভেতরে বৃষ্টির পানি প্রবেশ করায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।
ভুক্তভোগী পরিবারের সদস্য সাহাবউদ্দিন জানান, তাদের সাত সদস্যের পরিবার বর্তমানে পাশের ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে এবং ঝড়ে আসবাবপত্রসহ প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওর মাধ্যমে অনেকে সহায়তার আশ্বাস দিলেও এখন পর্যন্ত স্থানীয় কোনো জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তা তাদের খোঁজ নেননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারটি।
উল্লেখ্য, শনিবারের এই ঝড় ও শিলাবৃষ্টিতে পুরো জেলার বিভিন্ন উপজেলায় বহু ঘরবাড়ির টিনের চাল উড়ে যাওয়া বা শিলার আঘাতে ফুটো হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে, যার ফলে অসংখ্য পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে বা অন্যের বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন।
এ রহমান
মন্তব্য করুন: