কাবুলে হাসপাতালে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪০০
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হওয়ার দাবি করেছে তালেবান সরকার। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, সোমবার রাত প্রায় ৯টার দিকে পাকিস্তানের সামরিক বাহিনী কাবুলের ওমিদ আসক্তি চিকিৎসা হাসপাতালে এই বিমান হামলা চালায়, যাতে আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন।
তালেবানের একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই বর্বরোচিত হামলার খবর নিশ্চিত করে জানান, প্রায় ২ হাজার শয্যার এই হাসপাতালটি মূলত মাদকাসক্তদের চিকিৎসার জন্য ব্যবহৃত হতো এবং হামলার ফলে হাসপাতালের বড় একটি অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
তালেবানের দাবি অনুযায়ী, হামলার সময় হাসপাতালে অসংখ্য রোগী ও চিকিৎসা কর্মী অবস্থান করছিলেন, যার ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কাবুলের জনবহুল এলাকায় অবস্থিত এই হাসপাতালে বিমান হামলার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনার পর পুরো আফগানিস্তান জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে এবং আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র: স্কাই নিউজ, এনডিটিভি
এ রহমান
মন্তব্য করুন: