জকিগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার
সিলেটের জকিগঞ্জ উপজেলার খাদিমান গ্রামে ৩৬ বছর বয়সী এক গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত ৫ মে ২০২৫ তারিখ দিবাগত রাত দেড়টার দিকে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর আদালতে মামলা দায়ের করা হলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তরা হলেন— ১. আব্দুর রহমান (৪৫), পিতা: মো. সামছুল হক; ২. সুয়েব আহমদ (৪৫), পিতা: গোলাম মস্তফা এবং ৩. আহমদ সাইফুর রহমান সয়েফ।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে পরিচিত এক আত্মীয়ের স্ত্রী গুরুতর অসুস্থ বলে কান্নাকাটি করে ওই গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। সরল বিশ্বাসে তিনি ঘর থেকে বের হওয়া মাত্রই ওত পেতে থাকা অন্য দুই অভিযুক্ত তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে নিকটবর্তী নির্জন স্থানে নিয়ে যায় এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন ৬ মে ভুক্তভোগীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, জকিগঞ্জ থানায় মামলা করতে গেলে তৎকালীন ওসি তাঁদের আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে আদালত পিবিআই-কে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়।
ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, মামলা তুলে নিতে অভিযুক্তরা তাঁদের ওপর একাধিকবার হামলা চালিয়ে আহত করেছে, যার প্রেক্ষিতে আদালতে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় ডাকাতি ও মাদক ব্যবসার একাধিক মামলা রয়েছে। বর্তমানে প্রভাবশালী এই চক্রের ভয়ে ভুক্তভোগী পরিবারটি এলাকা ছাড়ার উপক্রম হয়েছে। তাঁরা দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্র জানিয়েছে, মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।
এ রহমান
মন্তব্য করুন: