ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে ১০ মার্কিন সেনা আহত
সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০ জন মার্কিন সেনা আহত হয়েছেন এবং বেশ কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রিন্স সুলতান এয়ার বেসে এই ভয়াবহ হামলার খবর নিশ্চিত করেছেন। আহত সেনাদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে এবং হামলায় মূলত মার্কিন রিফুয়েলিং বা জ্বালানি সরবরাহকারী বিমানগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, এই হামলায় ইরানের উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের পাশাপাশি একঝাঁক ড্রোন ব্যবহার করা হয়েছে যা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ঘাঁটিতে আঘাত হানে।
উল্লেখ্য, এই হামলার মাত্র একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানকে “সম্পূর্ণভাবে ধ্বংস” করা হয়েছে এবং তাদের পাল্টাহানি করার সক্ষমতা নেই। একই সুরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বলেছিলেন যে ইতিহাসের দ্রুততম সময়ে ইরানের সামরিক শক্তিকে নিষ্ক্রিয় করা হয়েছে; কিন্তু বর্তমান এই হামলা মার্কিন প্রশাসনের সেই দাবিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে যে গত এক মাসব্যাপী চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ৩০০-এর বেশি মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশ সুস্থ হয়ে ফিরলেও ৩০ জন এখনো গুরুতর অসুস্থ এবং ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে সৌদি আরবের ঘাঁটিতে সরাসরি আঘাত আসায় অঞ্চলটিতে নতুন করে বড় ধরনের যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে এবং পেন্টাগন পাল্টা ব্যবস্থা গ্রহণের কথা ভাবছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।
এ রহমান
মন্তব্য করুন: