হরমুজ প্রণালিতে ছয়টি বাংলাদেশী জাহাজ চলাচলের অনুমতি ইরানের
হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশের ছয়টি বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। বুধবার (১ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী ইরানের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকট ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জানান, আটকে থাকা জাহাজগুলো নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে ইরান ও বাংলাদেশ বর্তমানে নিবিড়ভাবে কাজ করছে এবং এই সংকটময় সময়ে দুই দেশ একে অপরের পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একইসঙ্গে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইতিপূর্বে ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে এই সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে কেবল উদ্বেগ প্রকাশ নয়, বরং নিন্দা জানানো প্রয়োজন বলেও রাষ্ট্রদূত মন্তব্য করেন।
ইরানের নিরাপত্তা কাউন্সিলের এই সিদ্ধান্তের ফলে হরমুজ প্রণালিতে দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তায় থাকা বাংলাদেশি জাহাজ ও নাবিকদের দ্রুত দেশে ফেরার পথ সুগম হলো বলে মনে করা হচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: