ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৪
রাশিয়ার নতুন করে চালানো জোরালো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনজুড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।
৩২ ঘণ্টার অর্থডক্স ইস্টার যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই মস্কো এই ভয়াবহ হামলা শুরু করে, যদিও যুদ্ধবিরতি চলাকালীন উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তুলেছিল। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওদেসায় সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা ঘটেছে; সেখানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ৭ জন নিহত হন বলে জানিয়েছেন সামরিক প্রশাসনের প্রধান সেরহিয়ি লিসাক। রাজধানী কিয়েভে একটি ১৮ তলা অ্যাপার্টমেন্ট ভবনে সরাসরি ড্রোন আঘাত হানলে ১২ বছর বয়সী এক শিশুসহ অন্তত ৪ জন নিহত হন এবং শহরজুড়ে ৪৫ জন আহত হন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, বিস্ফোরণে রাজধানীর অসংখ্য ভবন ও গাড়িতে আগুন লেগে যায় এবং জানালার কাচ ভেঙে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া মধ্যাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার ক্রাই অঞ্চলে ৫ ও ১৪ বছর বয়সী দুই কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছেন গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ। উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভেও রুশ ড্রোন হামলায় দুই বয়স্ক নাগরিক আহত হয়েছেন। প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধে নিয়মিতভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে উভয় পক্ষেই বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
এ রহমান
মন্তব্য করুন: