ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নারীসহ ২৩ শ্রমিকের প্রাণহানি
ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৩ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী। গত রবিবার (১৯ এপ্রিল) বিকেলে বিরুধুনগর জেলার কাত্তানারপট্টি গ্রামের কাছে ‘বনজা ফায়ারওয়ার্কস’ নামক কারখানায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় কারখানায় প্রায় ১০০ শ্রমিক রাসায়নিক মেশানোর কাজ করছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কারখানার অন্তত চারটি শেড মাটির সঙ্গে মিশে যায় এবং ধ্বংসস্তূপের ধোঁয়া প্রায় ৫০ ফুট উচ্চতায় ছড়িয়ে পড়ে। জেলা কালেক্টর এন ও সুখপাত্র জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ২৩টি মৃতদেহ উদ্ধার করেছেন। এছাড়া আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ৪ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উদ্ধারকাজ চলাকালীন সন্ধ্যায় একটি মাটি কাটার যন্ত্রের ত্রুটির কারণে দ্বিতীয় দফায় আরও একটি বিস্ফোরণ ঘটে, যাতে আরও ১৭ জন আহত হন—যাদের মধ্যে ৬ জন পুলিশ ও ৪ জন দমকলকর্মী রয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, কারখানাটির লাইসেন্স থাকলেও তারা একাধিক নিরাপত্তা বিধি লঙ্ঘন করে কাজ করছিল। জেলা কালেক্টর জানান, রবিবার কারখানাটি চালু থাকার কথা ছিল না। ঘটনার পর থেকে কারখানার মালিক, যিনি ওই এলাকার এক সাবেক গ্রামপ্রধানের স্ত্রী, পলাতক রয়েছেন। মৃতদেহগুলো এতটাই পুড়ে গেছে যে অনেককে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। এর আগে ২০১২ সালেও তামিলনাড়ুর শিবকাশীতে এক ভয়াবহ কারখানার বিস্ফোরণে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
এ রহমান
মন্তব্য করুন: