ট্রাম্পের যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা
ওমান উপকূলে কনটেইনার জাহাজে ইরানের গানবোট থেকে গুলি
ওমান উপকূলের কাছে ওমান উপসাগরে একটি লাইবেরীয় পতাকাবাহী কনটেইনার জাহাজকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি গানবোট। বুধবার (২২ এপ্রিল) ওমানের উত্তর-পূর্বে ১৫ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটে। এতে জাহাজটির 'ব্রিজ' অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো নাবিক হতাহত হননি বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা সংস্থা ‘ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স’ (UKMTO)।
জাহাজটির ক্যাপ্টেনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, আইআরজিসি গানবোটটি জাহাজের কাছে এসে অতর্কিত গুলি চালায়। এতে জাহাজে বড় ধরনের কোনো অগ্নিকাণ্ড বা পরিবেশগত ক্ষতির সৃষ্টি হয়নি এবং সব নাবিক সুরক্ষিত আছেন। ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ভ্যানগার্ড টেক’ জানিয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী এই জাহাজটিকে আগেই হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল। তবে ইরানের বার্তা সংস্থা তাসনিম দাবি করেছে, জাহাজটি ইরানি সশস্ত্র বাহিনীর দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করে চলছিল।
এই হামলার ঘটনার কয়েক ঘণ্টা আগেই হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত ৮ এপ্রিল কার্যকর হওয়া বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো হবে। পাকিস্তানে মধ্যস্থতাকারীদের অনুরোধে এবং শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তবে একই সঙ্গে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, মার্কিন নৌবাহিনী কর্তৃক ইরানের বন্দরগুলোতে চলমান অবরোধ বলবৎ থাকবে।
উল্লেখ্য, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরান কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। আজকের এই হামলার ঘটনাটি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার মধ্যেই নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করল।
এ রহমান
মন্তব্য করুন: