ইসরাইলি হামলায় লেবাননে ২ লাখ ২০ হাজার ঘরবাড়ি ধ্বংস
হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাত ও ইসরাইলি হামলায় লেবাননজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে। বুধবার প্রকাশিত লেবানন সরকারের এক হিসেবে দেখা গেছে, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে দেশটিতে ২ লাখ ২০ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। বৈরুত থেকে এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।
ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্টিফিক রিসার্চ (সিএনআরএস)-এর প্রধান শাদি আবদাল্লাহ জানিয়েছেন, গত ৪৫ দিনের তীব্র লড়াইয়ে ১৭ হাজার ৭৫৬টি ঘরবাড়ি সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এবং ৩২ হাজার ৬৬৮টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, যুদ্ধবিরতি ঘোষণার প্রথম তিন দিনেও ৪২৮টি ঘরবাড়ি ধ্বংস হওয়ার ঘটনা ঘটেছে। লেবাননের পরিবেশমন্ত্রী তামারা জেইন এক সংবাদ সম্মেলনে আক্ষেপ করে বলেন, আবাসিক এলাকা, বেসামরিক অবকাঠামো ও উপাসনালয়ের পাশাপাশি কৃষিজমি ও বনাঞ্চলেও ইসরাইলি বাহিনী ব্যাপক তান্ডব চালিয়েছে।
সরকারি তথ্যমতে, ইরান-সমর্থিত হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে জড়িয়ে পড়ার পর থেকে ইসরাইলি হামলায় লেবাননে এ পর্যন্ত ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ১০ লক্ষাধিক মানুষ। ২০২৪ সালের শেষ দিকে শুরু হওয়া পূর্ণাঙ্গ যুদ্ধ নভেম্বরে এক যুদ্ধবিরতির মাধ্যমে থামানোর চেষ্টা করা হলেও ইসরাইল সীমান্তের বিভিন্ন স্থানে সেনা অবস্থান বজায় রেখেছে। উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার ইসরাইলের সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠকে লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিক অনুরোধ জানাবে বলে জানা গেছে।
এ রহমান
মন্তব্য করুন: