তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় রাজনীতির একাধিপত্য ভেঙে ভারতের তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) প্রধান যোসেফ বিজয় (থালাপতি বিজয়)। রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। বিজয়ের সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাঁর দলের আরও ৯ জন সদস্য।
শপথ নেওয়া মন্ত্রীরা হলেন— এন. আনন্দ, আধব অর্জুন, ডা. কে. জি. অরুণরাজ, কে এ সেঙ্গোট্টাইয়ান, পি ভেঙ্কটারমানন, আর. নির্মলকুমার, রাজমোহন, ডা. টি.কে. প্রভু ও সেলভি এস. কীর্তনা। এই শপথগ্রহণ অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ ভারতের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। বিজয়ের এই জয়কে তামিলনাড়ুর রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, কারণ ১৯৬৭ সালের পর এই প্রথম ডিএমকে বা এআইএডিএমকে-এর বাইরে কোনো দল রাজ্য শাসনের দায়িত্ব পেল।
এবারের বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের কোটা পূরণ করতে তাকে কংগ্রেস (৫), সিপিআই (২), সিপিআইএম (২), ভিসিকে (২) এবং আইইউএমএল (২) এর সমর্থন নিতে হয়েছে। সব মিলিয়ে ১২১ জন বিধায়কের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেন ৫১ বছর বয়সী এই তারকা-রাজনীতিবিদ। রাজ্যপাল বিজয়কে আগামী ১৩ মে-এর মধ্যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছেন। বিজয়ের মা শোবা এই সাফল্যকে তাঁর জন্য এক অনন্য ‘মা দিবস’-এর উপহার হিসেবে অভিহিত করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: