উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত
সিলেটে ৩ দিনব্যাপী “ফুড আর্ট ও কার্ভিং” প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে ৩ দিনব্যাপী “ফুড আর্ট ও কার্ভিং” প্রশিক্ষণ কর্মসূচি সোমবার (২২ জুন) সম্পন্ন হয়েছে। গেল শনিবার (২০ জুন) শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচী নারীদের মাঝে এক অভূতপূর্ব অনুপ্রেরণা ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
চেম্বার সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা বলেন , মাত্র তিন দিনের এই নিবিড় পথচলা কেবল কিছু কৌশল শেখার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এটি ছিল মূলত সৃষ্টি, উদ্ভাবন এবং নতুন সম্ভাবনার এক অসাধারণ মেলবন্ধন। প্রশিক্ষণে অংশ নেওয়া প্রতিটি নারী নিজেদের ভেতরের শৈল্পিক সত্ত্বাকে নতুনভাবে আবিষ্কার করেছেন। সাধারণ ফল ও সবজিকে নিখুঁত ও নান্দনিক শিল্পের ছোঁয়ায় কীভাবে অনন্য ও আকর্ষণীয় করে উপস্থাপন করা যায়—তা অত্যন্ত নিপুণভাবে আয়ত্ত করেছেন তারা। তাছাড়া এই প্রশিক্ষন নারীর ভেতরের সুপ্ত সৃজনশীলতাকে ব্যবসায়িক শক্তিতে রূপান্তর এবং স্বাবলম্বী হওয়ার নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাছাড়া নারীদের এই অদম্য শেখার আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণই উইমেন চেম্বারকে আগামী দিনে আরও বড় এবং সুন্দর আয়োজনের সাহস জোগায় জানিয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ, নারীর ক্ষমতায়ন এবং নতুন নারী উদ্যোক্তা গড়ার এই মহতী যাত্রা আগামীতেও সমহিমায় অব্যাহত থাকবে।
এই সৃজনশীল যাত্রায় ট্রেইনার হিসেবে ছিলেন দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক সৈয়দা হাবিবা খাতুন। তিনি অত্যন্ত আন্তরিকতা, ধৈর্য এবং গভীর মমতায় প্রশিক্ষণের প্রতিটি ধাপ পরিচালনা করেন। তিনি প্রশিক্ষণার্থীদের শুধু একটি বিশেষ কারিগরি দক্ষতাই শেখাননি, বরং দেখিয়েছেন কীভাবে এই শৈল্পিক দক্ষতাকে একটি সম্ভাবনাময় পেশা ও আয়ের চমৎকার উৎসে পরিণত করে উদ্যোক্তা হওয়া যায়।
কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সফলভাবে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র (Certificate) এবং ট্রেইনারের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-এর দূরদর্শী সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেম্বারের সম্মানিত পরিচালকবৃন্দ—সাইমা সুলতানা চৌধুরী, জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, গাজী জিনাত আফজা, শাহানা আক্তার এবং তাহমিনা হাসান চৌধুরী। তাদের উপস্থিতি ও উৎসাহ প্রশিক্ষণার্থীদের আত্মবিশ্বাসকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়।
প্রশিক্ষণ শেষে সকল সফল প্রশিক্ষণার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: