সিলেটে শব্দ দূষণ ও পরিবেশ আইনে ৯টি গাড়িকে জরিমানা
সিলেটে শব্দ দূষণ বিধিমালা ও পরিবেশ আইন অমান্য করায় ৯টি যানবাহনকে জরিমানা করেছে র্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট মহানগরীর শাহপরাণ ব্রিজের উত্তরপ্রান্তে মুরাদপুর চত্বরে যৌথভাবে এই মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান চলাকালে বিভিন্ন ট্রাকে নিষিদ্ধ ও উচ্চশব্দের হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং অবৈধভাবে ত্রিপল ছাড়া বালু বহন করে পরিবেশ দূষণের দায়ে ৯টি যানবাহনকে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী চালকদের মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা (র্যাব-৯) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় শব্দ দূষণ ও নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
মীর্জা ইকবাল/ তাহির আহমদ
মন্তব্য করুন: