সিলেটে 'ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন প্রজেক্ট'-এর সেমিনার

নারী উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেওয়ার আহ্বান

সিলেটে 'ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন প্রজেক্ট'-এর সেমিনার

প্রথম ডেস্ক

২৭/০৬/২০২৬ ১৯:২২:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

উদ্যোক্তাদের আন্তর্জাতিক অর্থায়ন, বিনিয়োগ এবং ব্যবসা সম্প্রসারণের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত হয়ে গেল ‘সেমিনার অ্যান্ড এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন প্রজেক্ট (FDIPP) – টু স্টেপ লোন (TSL)’। শনিবার (২৭ জুন) সকাল ১০ টায় সিলেটের একটি হোটেলের কনফারেন্স হলে এই গুরুত্বপূর্ণ সেমিনারটি অনুষ্ঠিত হয়। দেশের নীতি-নির্ধারক, ব্যাংকিং খাতের শীর্ষ প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজনটি মুখরিত হয়ে ওঠে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের আরেক নির্বাহী পরিচালক খালেদ আহমেদ। সেমিনারে সভাপতিত্ব করেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন প্রজেক্ট (FDIPP)-এর পরিচালক প্রদীপ রঞ্জন দেবনাথ।


এই বিশেষ আয়োজনে মুখ্য অতিথিদের অন্যতম হিসেবে আমন্ত্রিত ছিলেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (SWCCI)-এর সম্মানিত সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা। এছাড়াও চেম্বারের পক্ষে প্রতিনিধিত্ব করেন পরিচালক জাকিরা ফাতেমা লিমি চৌধুরী এবং গাজী জিনাত আফজা।


সেমিনারে সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা তাঁর বক্তব্যে FDIPP-এর ‘টু স্টেপ লোন’ (TSL)-এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের জন্য তৈরি হওয়া নতুন সম্ভাবনার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন। তিনি বলেন—"শুধু অর্থায়নই যথেষ্ট নয়, নারী উদ্যোক্তাদের টেকসই অগ্রযাত্রার জন্য রপ্তানিমুখী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, আন্তর্জাতিক বাজারে প্রবেশের প্রস্তুতি, প্রযুক্তি হস্তান্তর, মানসম্পন্ন উৎপাদন এবং ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। এর জন্য সহজ শর্তে অর্থায়ন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত সহযোগিতা নিশ্চিত করতে হবে।"


তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, বাংলাদেশের নারী উদ্যোক্তাদের মধ্যে অসীম সম্ভাবনা লুকিয়ে রয়েছে। যথাযথ প্রশিক্ষণ, আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক মানের ব্যবসায়িক দিকনির্দেশনা পেলে তাঁরা শুধু দেশের অর্থনীতিতেই নয়, বৈশ্বিক বাজারেও নিজেদের একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।


সেমিনারে মূল প্রবন্ধ ও আলোচনায় FDIPP-এর 'টু স্টেপ লোন' (TSL)-এর মূল উদ্দেশ্য, ঋণ গ্রহণের সহজ প্রক্রিয়া, যোগ্যতার মানদণ্ড এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের সুবিধা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এর পাশাপাশি বিদেশি প্রযুক্তি ও বিনিয়োগের সুযোগ, দেশীয় শিল্প খাতের আধুনিকায়ন এবং টেকসই শিল্প উন্নয়নে এই প্রকল্পের সুদূরপ্রসারী ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষ অংশে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী উদ্যোক্তারা তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও বিভিন্ন মতামত তুলে ধরেন।


বাংলাদেশ ব্যাংক, জাইকা (JICA), FDIPP এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের এই যৌথ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশের নারী উদ্যোক্তারা আরও বেশি সুযোগ-সুবিধা পাবেন এবং দেশে একটি শক্তিশালী, প্রতিযোগিতামূলক ও টেকসই উদ্যোক্তা ইকোসিস্টেম গড়ে উঠবে বলে সেমিনারে আশাবাদ ব্যক্ত করা হয়।

সজল আহমদ/ তাহির আহমদ

মন্তব্য করুন: