সিলেটে হাম ও নিউমোনিয়ায় মোট মৃত্যু ৮৩,হাসপাতালে ভর্তি ৬৯
সিলেটে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ২৭৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (০১ জুন) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম। মারা যাওয়া শিশু তুবা (৯ মাস) সুনামগঞ্জ জেলার শাড়িগঞ্জ এলাকার বকলাকারা গ্রামের বাসিন্দা মুসাহিদ আলীর মেয়ে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহভাজন হামে ৭৯ জন এবং ল্যাব-নিশ্চিত হামে ৪ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক মোট মৃত্যুর তালিকা নিচে দেওয়া হলো:সুনামগঞ্জ: ৩৬ জন,সিলেট: ৩০ জন,মৌলভীবাজার: ১১ জন,হবিগঞ্জ: ০৬ জন। সর্বমোট মৃত্যু: ৮৩ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ৩৮৬ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ২১৯ জন, সিলেটে ১১৭ জন, হবিগঞ্জে ৩৪ জন (দুইজন রুবেলা) এবং মৌলভীবাজারে ১৬ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত যে ৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তার মধ্যে,শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৫ জন,এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন,সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬ জন,মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন।
বর্তমানে চিকিৎসাধীন ২৭৪ জনের মধ্যে সর্বোচ্চ ১১২ জন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৭৯ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। বাকি রোগীরা বিভাগের অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ কাজ করছে এবং আক্রান্তদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
তাহির আহমদ/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: