এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার: সিলেট বোর্ডে পরীক্ষার্থী পৌনে ৭৩ হাজার
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে। এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯৬টি কেন্দ্রে মোট ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন।সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড প্রশাসন। একই সঙ্গে সিলেট নগরীর পরীক্ষাকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
পরীক্ষা উপলক্ষে সিলেট নগরের ২৫টি পরীক্ষাকেন্দ্রের আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এসএমপি।
এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ৮ আগস্ট পর্যন্ত পরীক্ষা চলাকালে প্রতিদিন পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার ১ ঘণ্টা পর পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের ভেতর সাধারণ জনগণের প্রবেশাধিকার সীমিত করে কেন্দ্রগুলোকে অস্থায়ীভাবে ‘সংরক্ষিত এলাকা’ ঘোষণা করা হয়েছে। তাছাড়া কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, উচ্চশব্দে মাইক বা লাউডস্পিকার ব্যবহার, অস্ত্র, লাঠি, ধারালো অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন সম্পূর্ণ নিষিদ্ধ। অননুমোদিত কোনো ব্যক্তি এই সীমানার ভেতর প্রবেশ করতে পারবেন না। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র এবং ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৫২ হাজার ৫৪০ জন। বাকিরা অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থী।এবার সিলেট বিভাগের চার জেলার ৩৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৯৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।
উল্লেখ্য, গত বছর (২০২৫ সালে) সিলেট শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ৬৯,১৭২ জন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩,৫৭৩ জন।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন জানান, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বোর্ডের ভিজিল্যান্স টিমসহ সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি রয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এইচএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করে নিজ নিজ আসনে বসতে হবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
তাহির আহমদ/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: