রাস্তা ব্যবহার নিয়ে জকিগঞ্জে দু'পক্ষের উত্তেজনা

প্রকৃত পরিস্থিতি প্রকাশে সংবাদ সম্মেলন

রাস্তা ব্যবহার নিয়ে জকিগঞ্জে দু'পক্ষের উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০২/০৭/২০২৬ ০০:৩৮:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জে কাঁচা রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল ও রাস্তা ব্যবহারকে কেন্দ্র করে মাইজগ্রাম-মনতৈল এবং নিদনপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে এবং প্রকৃত পরিস্থিতি গণমাধ্যমের সামনে তুলে ধরতে মাইজগ্রাম ও মনতৈল এলাকাবাসীর যৌথ উদ্যোগে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২৭ জুন (শনিবার) রাতে মাইজগ্রাম স্কুলের সামনের কাঁচা রাস্তা দিয়ে ইটের লোড নিয়ে একটি ট্রাক্টর যাওয়ার সময় স্থানীয়রা বাধা প্রদান করেন। কাঁচা রাস্তাটি নষ্ট হয়ে সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কায় মাইজগ্রামের এহিয়া চৌধুরীর উপস্থিতিতে এই বাধা দেওয়া হয়।


লিখিত অভিযোগে আরও বলা হয়, রাস্তা দিয়ে ট্রাক্টর নিয়ে যেতে না পেরে নিদনপুর গ্রামের নুরুল ইসলাম নামের এক ব্যক্তি উপস্থিত এলাকাবাসীর ওপর চড়াও হন, অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং জোরপূর্বক ট্রাক্টর নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে স্থানীয়দের সম্মিলিত প্রতিরোধের মুখে তিনি ট্রাক্টর নিয়ে নিজ গ্রামে ফিরে যেতে বাধ্য হন।


এলাকাবাসী জানান, এই ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যেই নুরুল ইসলাম তাঁর ভাই হাসান আহমেদ ও ভাতিজাসহ বেশ কিছু লোক নিয়ে আবারও ট্রাক্টরসহ ঘটনাস্থলে আসেন এবং জোরপূর্বক রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তারা সরকারি রাস্তা দাবি করে উসকানিমূলক আচরণ করেন, যার ফলে মাইজগ্রাম, মনতৈল ও নিদনপুর গ্রামের সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ ও অনাকাঙ্ক্ষিত বিরোধের সূত্রপাত ঘটে।


সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিন গ্রামের মধ্যকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের বড় অপ্রীতিকর বা সংঘাতময় পরিস্থিতি এড়াতে তারা স্থানীয় প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মশিউজ্জামান চৌধুরী শাহিন, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছালিকুর রহমান, ইশতিয়াক আজিম চৌধুরী জনি, জিল্লুর রহমান চৌধুরী, মখলিছুর রহমান, নজমুল ইসলাম, তারেক আহমদ, সুহেল আহমদ, আব্দুল মুমিন চৌধুরী, লুৎফুর রহমান, আব্দুল আহাদ, আব্দুল কুদ্দুছ, আব্দুল কালাম, আব্দুস সালাম, সাবেক মেম্বার সুনাম উদ্দিন, আব্দুর রহমান, নাজির উদ্দিন প্রমুখ। এছাড়াও এলাকার সর্বস্তরের জনসাধারণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মোর্শেদ লস্কর /সজল আহমদ

মন্তব্য করুন: