ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধ
জকিগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ১
সিলেটের জকিগঞ্জে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আলম আহমদ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক ভাই পারভেজ আহমদকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত পৌনে ১২টার দিকে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আলম আহমদ ওই গ্রামের ওয়ারিছ আলীর ছেলে এবং পেশায় একজন রিকশাচালক ছিলেন। গ্রেপ্তার পারভেজ আহমদ তাঁর আপন চাচা মোস্তকিন আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রাতে টেলিভিশনে ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে পারভেজ উত্তেজিত হয়ে আলমকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় আলমকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোর্শেদ লস্কর/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: