সিলেটে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু

কেন্দ্রের ২০০ গজে ১৪৪ ধারা

সিলেটে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু

প্রথম ডেস্ক

০২/০৭/২০২৬ ১৪:৪০:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশজুড়ে একযোগে শুরু হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯৬টি কেন্দ্রে মোট ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন।


সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২৯ হাজার ২১৭ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৫২৮ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৫২ হাজার ৫৪০ জন এবং বাকিরা অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থী। গত বছর এই বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৬৯ হাজার ১৭২ জন।


বোর্ডের তথ্য অনুযায়ী, এবার সিলেট বিভাগের চার জেলার ৩৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে সিলেট জেলার ১৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩১ হাজার ২১৫ জন পরীক্ষার্থী ৩৮টি কেন্দ্রে, মৌলভীবাজারের ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ হাজার ৭৩৯ জন পরীক্ষার্থী ১৬টি কেন্দ্রে, সুনামগঞ্জের ৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ হাজার ৮৭০ জন পরীক্ষার্থী ২২টি কেন্দ্রে এবং হবিগঞ্জের ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ হাজার ৯২১ জন পরীক্ষার্থী ২০টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।


সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন বলেন, "সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে।" তিনি জানান, পরীক্ষা তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল অংশের পরীক্ষা হচ্ছে, যার মাঝে কোনো বিরতি থাকবে না। পরীক্ষা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ।


এদিকে এইচএসসি পরীক্ষা উপলক্ষে সিলেট মহানগরীর ২৫টি পরীক্ষাকেন্দ্রের আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগামী ৮ আগস্ট পর্যন্ত পরীক্ষা চলাকালীন প্রতিদিন পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত কেন্দ্রের ২০০ গজের ভেতর জনসমাবেশ, মিছিল, উচ্চশব্দে মাইক ব্যবহার, অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন এবং অননুমোদিত ব্যক্তির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।


এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা হিসেবে গণ্য করা হবে এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন: