নতুন আক্রান্ত ১,১১৯
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৯ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর সবাই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ে নতুন করে ১৫৪ জন শিশুর শরীরে ল্যাব পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এছাড়া আরও ৯৬৫ জন হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯০২ শিশু। আর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৮৭৭ শিশু।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৩ জনের মৃত্যু ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামের কারণে। বাকি ৬৩১ শিশু মারা গেছে হামের তীব্র উপসর্গ নিয়ে।
একই সময়ে সারা দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৯৯৩ জনে। তাদের মধ্যে ১২ হাজার ২৮৬ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। আক্রান্ত ও উপসর্গ আক্রান্ত মিলিয়ে এ পর্যন্ত মোট ৮৬ হাজার ৪১১ শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮২ হাজার ৭৫৯ শিশু।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুদের সময়মতো হামের টিকা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিশেষ করে পুষ্টিহীনতায় ভোগা শিশুদের ক্ষেত্রে এই ভাইরাসের জটিলতা বেশি দেখা দিচ্ছে। তাই উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
সজল আহমেদ
মন্তব্য করুন: