সিলেটে আজ বিদ্যুৎ বিভ্রাটের কবলে অর্ধশত এলাকা
জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামত কাজের জন্য সিলেট নগরীর অর্ধশতাধিক এলাকায় রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর আওতায় সকাল ৯টা পর্যন্ত এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। নির্ধারিত সময়ে বিদ্যুৎহীনতার কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।
বিউবোর নির্বাহী প্রকৌশলী অমিক সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকার তালিকায় রয়েছে পাঠানটুলা, শ্রাবণী, মদিনা মার্কেট, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালীবাড়ী রোড, বাগবাড়ী, আখালিয়া, তপোবন আবাসিক এলাকা, বিজিবি সংলগ্ন এলাকা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
এ ছাড়া কুমারগাঁও বাসস্ট্যান্ড, শিল্প এলাকা, টুকেরবাজার, লামাকাজীসহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মাউন্ট এডোরা হাসপাতাল সংলগ্ন এলাকাও এই বিদ্যুৎ বিভ্রাটের আওতায় রয়েছে।
এর আগে শনিবারও জরুরি মেরামত কাজের সুবিধার্থে নগরীর কয়েকটি এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছিল। বিউবো কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, মেরামত কাজ নির্ধারিত সময়ের আগে সম্পন্ন হলে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে। সাময়িক এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।
রত্না বাউরী
মন্তব্য করুন: