জমির সীমানা নিয়ে দোয়ারাবাজারে প্রবাসীকে মারধরের অভিযোগ

এলাকাবাসীর মানববন্ধন

জমির সীমানা নিয়ে দোয়ারাবাজারে প্রবাসীকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১২/০৯/২০২৬ ২০:২৯:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমির মালিকানা ও সীমানা নির্ধারণকে কেন্দ্র করে রমজান আলী নামে এক সৌদি প্রবাসীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ফুসে ওঠা এলাকাবাসী।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পূর্ব সোনাপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে সিদ্দিক মিয়া দীর্ঘদিন ধরে এলাকার অনেকের জমিজমা জোরপূর্বক দখল করে আসছেন। ওই গ্রামের হযরত আলীর ছেলে রমজান আলী সৌদি আরবে থাকার সুযোগে চেলা নদীর তীরবর্তী তার জমিও দখল করে নেন সিদ্দিক। খবর পেয়ে গত ৮ সেপ্টেম্বর দেশে ফেরেন রমজান আলী। পরদিন ৯ সেপ্টেম্বর (বুধবার) সকালে নিজের জমিতে গিয়ে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সিদ্দিক মিয়া।

এরই জের ধরে সিদ্দিক মিয়া ও তাজউদ্দীনের নেতৃত্বে মো. মুরসালিন, সামছুল হক, আব্দুর রহমান, রায়হান মিয়া, কাদির মিয়া ও হামিদ মিয়াসহ একদল সশস্ত্র লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রমজান আলীর বাড়িতে হামলা চালায়। তারা রমজানকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার দিন বিকেলে প্রবাসীর অনুপস্থিতিতে তার বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুরসহ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটপাট করা হয় বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

বর্তমানে চিকিৎসাধীন রমজান আলীর অবস্থা গুরুতর জানিয়ে স্থানীয়রা বলেন, মানুষজন তাৎক্ষণিক এগিয়ে না এলে অভিযুক্তরা তাকে মেরেই ফেলতো। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথায় মারাত্মক জখম হয়েছে, তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ছেনু মিয়া, আমির হামজা, আমির জায়েদ, বসুর উদ্দিন, আ. আলী, সাহিদ মিয়া, শামীম মিয়া, সুমন সিকদার, রেজিয়া বেগম ও ওসি বিবিসহ অনেকেই বক্তব্য দেন।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সিদ্দিক মিয়া ও তাজউদ্দীনের লাঠিসোটা ও শক্তির প্রভাবে পুরো গ্রামবাসী অতিষ্ঠ। ক্ষমতার দাপট দেখিয়ে তারা একের পর এক নিরীহ মানুষের সম্পত্তি দখল ও হয়রানি করে আসছে। ভয়ে এতদিন কেউ মুখ না খুললেও এবার এলাকাবাসী জোটবদ্ধ হয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাসুদ রানা সোহাগ / মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad