বিএনপি জন্মগতভাবেই জাতির সঙ্গে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিএনপি হচ্ছে মুনাফিকের দল। তারা জন্মগতভাবেই জাতি ও রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করে আসছে। রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফার কথা বারবার বলা হলেও ক্ষমতায় এসে দলটি সেই প্রতিশ্রুতি উপেক্ষা করে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে অন্ধ দলীয়করণে জড়িয়ে পড়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
১৯৯০ সালের গণআন্দোলনের প্রসঙ্গ তুলে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ওই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা। এ প্রতিশ্রুতি দিয়েই বিএনপি ক্ষমতায় এসেছিল। কিন্তু পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা করলেও দলটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য কোনো বিল উত্থাপন করেনি।
শিবির সভাপতি বলেন, আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের রক্তের বিনিময়ে বিএনপি ক্ষমতায় এসেছে। অথচ দলটি সিটি করপোরেশন নির্বাচনগুলো নিজেদের মতো করে প্রভাবিত করতে চায়। পিএসসি সংস্কারেও তাদের আগ্রহ নেই। ভাইভার নম্বর চার-পাঁচ গুণ বাড়িয়ে দলীয় নেতাকর্মীদের চাকরিতে পুনর্বহাল এবং তালিকা ধরে নিজেদের লোকজনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এভাবে জনগণ ও তরুণ প্রজন্মের রক্তের সঙ্গে বেইমানি করার কৌশল নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, চা খাওয়ার আমন্ত্রণের কথা বলে পিএসসির সদস্যদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি জনগণের সঙ্গে, তরুণ প্রজন্মের চাকরি নিয়ে আবারও এই বেইমানি ও প্রতারণার আশ্রয় আপনারা নেন, শেখ হাসিনাকে তখন সামলাতে পারেননি, সে সময় আপনাদের সামলানোর ক্ষমতা নেই।”
জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই সনদই বিএনপির অস্তিত্ব ও ক্ষমতার ভিত্তি। জনগণের ম্যান্ডেটের ওপরই তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত। তাই এই সনদ অস্বীকার করা হলে তাদের ক্ষমতার মসনদ দুমড়ে-মুচড়ে শেষ হয়ে যাবে।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: