দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই বাংলাদেশী: এমপি লুনা

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই বাংলাদেশী: এমপি লুনা

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

০৪/০৭/২০২৬ ১৫:৩৪:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, "দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে আমরা সবাই বাংলাদেশি এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে।"


শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তাহসিনা রুশদীর লুনা সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, "আপনারা কেউ সংখ্যালঘু নন। নিজেদের ছোট না ভেবে হিন্দু-মুসলমান সবাই মিলে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করব এবং আইন মেনে অপরাধীদের বিচারের আওতায় আনতে প্রশাসনকে সহযোগিতা করব।"


তিনি আরও আশ্বাস দেন যে, সনাতন ধর্মাবলম্বীদের কেন্দ্রীয় আট দফাসহ অন্যান্য যৌক্তিক দাবি আদায়ে তিনি নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। একই সঙ্গে তিনি বর্তমান সরকারকে উন্নয়নবান্ধব উল্লেখ করে পর্যায়ক্রমে অবহেলিত ও বঞ্চিত জনগণের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।


অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, "স্বাধীন দেশে সংখ্যালঘু সম্প্রদায় কেবল নিরাপত্তা, সমঅধিকার ও সমমর্যাদা নিয়ে বসবাস করতে চায়। কেন্দ্রীয় আট দফা দাবি বাস্তবায়িত হলে আমাদের আর কোনো দাবি থাকবে না।"


বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুনীল কান্তি দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সজল আহমেদ / তাহির আহমদ

মন্তব্য করুন: