দেশের ৮ জেলায় দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ৮ জেলায় দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকা অফিস

০৪/০৭/২০২৬ ১৮:২৯:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের আট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৪ জুলাই) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও উল্লেখ করেছে সংস্থাটি।


আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।


  আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (৫ জুলাই) সকাল পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


পূর্বাভাসে আরও বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের মতে, ঝড়, বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের এ প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

সজল আহমেদ

মন্তব্য করুন: