প্রজ্ঞাপনের পরও ঝুলে আছে সিলেটের নতুন ডিসির যোগদান
সরকারি প্রজ্ঞাপন জারির পরও সিলেটে নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসানের দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া স্থগিত রয়েছে। তিনি সেখানে শেষ পর্যন্ত যোগদান করবেন কি না– এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এখনো স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা শনিবার রাতে গণমাধ্যমকে বলেন, "গত ১ জুলাই ডিসি স্যার কুমিল্লা থেকে সিলেটে আসবেন বলে আমাদের জানানো হয়েছিল। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, তিনি আসছেন না। কবে আসবেন, তা পরে জানানো হবে।"
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বুধবার সিলেটে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে পৌঁছেও শেষ মুহূর্তে মন্ত্রণালয়ের নির্দেশনায় ফিরে আসতে হয় রেজা হাসানকে। একই দিন তাকে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়েও দেখা গেছে। এদিকে কুমিল্লায় তাঁর স্থলাভিষিক্ত হওয়া রোজী আকতার গত বুধবারে সেখানে নিজ দায়িত্ব গ্রহণ করেছেন।
সিলেট জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কী কারণে রেজা হাসান দায়িত্ব নিতে পারছেন না, সে বিষয়ে তাদের কাছে শনিবার পর্যন্ত নতুন কোনো লিখিত নির্দেশনা পৌঁছায়নি। ফলে তিনি সিলেটে যোগ দেবেন, নাকি অন্য কাউকে পদায়ন করা হবে– সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
প্রশfসনের একাধিক সূত্রের দাবি, রাজনৈতিক বা প্রশাসনিক কোনো মহলের আপত্তির কারণে শেষ মুহূর্তে এই যোগদান আটকে গিয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এই বিষয়ে বক্তব্য জানতে রেজা হাসান এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এর আগে গত ২১ জুন সিলেটের বিদায়ী ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। দায়িত্ব পালনকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে দানবাক্স ও ঐতিহ্যবাহী দানের ডেগ সিলগালা করে অর্থের ব্যবস্থাপনায় পরিবর্তনের একটি আলোচিত পদক্ষেপ নিয়েছিলেন। এ নিয়ে মাজার কর্তৃপক্ষ ও ভক্তদের একাংশ বিরোধিতা করলেও স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ হিসেবে অনেকেই সেই পদক্ষেপকে সমর্থন জানিয়েছিলেন। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই নতুন ডিসির যোগদান নিয়ে এই জটিলতা তৈরি হলো।
তানজুমা তাবাসসুম
মন্তব্য করুন: