সৌদিতে নিহত সিলেটের ২ প্রবাসীর মরদেহ সরকারি খরচে আনার প্রস্তুতি
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে নিহত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুই প্রবাসীর মরদেহ সরকারি খরচে দেশে আনার প্রস্তুতি চলছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রচেষ্টায় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে মরদেহ দুটি দ্রুত সিলেটে নিয়ে আসার আইনি প্রক্রিয়া অনেকটাই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নিহতদের স্বজনরা।
এর আগে, গত ৪ জুলাই সৌদি আরবের উলাইয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনে অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা (শ্যাফট) দিয়ে নিচে পড়ে ওই দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। তাঁরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের একই প্রতিষ্ঠানের অধীনে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন।
নিহতরা হলেন, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দলরগাঁও গ্রামের আব্দুল হাফিজের ছেলে মোহাম্মদ মোতাহার হোসাইন এবং একই উপজেলার পাড়ুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে জয় আহমদ।
নিহত মোতাহার হোসেনের স্বজন ও সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দিন জানান, জীবিকার তাগিদে সৌদি আরব যাওয়া মোতাহারের দুটি কন্যাসন্তান রয়েছে। বড় মেয়ের বয়স চার বছর এবং ছোটটির বয়স মাত্র ১৩ মাস। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে।
স্বামীর মরদেহ দেশে ফিরিয়ে আনতে মোতাহার হোসেনের স্ত্রী সুহাদা আক্তার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালকের কাছে লিখিত আবেদন করেছিলেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে দুই প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী মরদেহ দুটি দ্রুত দেশে আনার ব্যাপারে সব ধরনের প্রশাসনিক ও কূটনৈতিক সহযোগিতা করে যাচ্ছেন।
আর আর
মন্তব্য করুন: