সিলেটে ফের ডিসি নিয়োগ : দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল মামুন

সিলেটে ফের ডিসি নিয়োগ : দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল মামুন

প্রথম সিলেট প্রতিবেদন

০৯/০৭/২০২৬ ২১:২৯:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ নিয়ে গত কয়েকদিনের নজিরবিহীন নাটকীয়তা ও গুঞ্জনের পর ফের ডিসি নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


আজ বৃহস্পতিবার (০৯ জুলাই, ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-২ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে এই নিয়োগের পেছনে রয়েছে গত কয়েক সপ্তাহের এক দীর্ঘ প্রশাসনিক ও রাজনৈতিক ঘটনাপ্রবাহ।


সিলেটের ডিসি পদে এই রদবদলের সূত্রপাত ঘটে মূলত গত ২১ জুন। সেদিন সিলেটের তৎকালীন ডিসি মো. সারওয়ার আলমকে আকস্মিকভাবে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। সরকারি প্রজ্ঞাপনে এই বদলির সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করা হলেও সিলেটের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে এটি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।


খোঁজ নিয়ে জানা যায়, দায়িত্ব পালনকালে সারওয়ার আলম বেশ কয়েকটি আলোচিত ও সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করে সিলেটের ঐতিহ্যবাহী হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে শত বছর ধরে চলে আসা দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগ।


জেলা প্রশাসনের উদ্যোগে মাজারের দানবাক্স এবং ঐতিহ্যবাহী ‘দানের ডেগ’ সিলগালা করে দেওয়া হলে মাজার কর্তৃপক্ষ ও ভক্ত-অনুসারীদের একটি বড় অংশ ক্ষুব্ধ হন এবং তীব্র বিরোধিতা শুরু করেন। তবে সাধারণ মানুষ ও সচেতন মহলের অনেকেই প্রশাসনের এই স্বচ্ছতার উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন। এই মাজার কেন্দ্রিক বিতর্কের পরপরই তাকে আকস্মিক প্রত্যাহারের মুখে পড়তে হয়, যা নিয়ে সিলেটে এখনো নানা গুঞ্জন রয়েছে।


সারওয়ার আলমকে প্রত্যাহারের পর গত বুধবার (২৮ জুন) কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটের নতুন ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। কিন্তু এর পরই ঘটে এক নজিরবিহীন নাটকীয় ঘটনা।


সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার জন্য মু. রেজা হাসান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেও যান। কিন্তু ঠিক বিমানে ওঠার আগমুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এক বিশেষ আদেশে তাকে যাত্রা বাতিল করে ফিরে আসতে হয়। কী কারণে শেষ মুহূর্তে তার সিলেট আগমন আটকে দেওয়া হলো, তা নিয়ে প্রশাসনের অন্দরে ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে। এদিকে কুমিল্লায় রেজা হাসানের স্থলাভিষিক্ত হওয়া নতুন ডিসি রোজী আকতার ইতিমধ্যে গত বুধবার সেখানে নিজের দায়িত্ব বুঝে নিয়েছেন।


রেজা হাসানের নিয়োগ বাতিলের পর সিলেটের ডিসি পদের শূন্যতা নিয়ে তৈরি হওয়া সব জল্পনা-কল্পনার অবসান ঘটল আজ আইসিটি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনের নিয়োগের মাধ্যমে।


প্রশাসনিক কর্মকর্তারা মনে করছেন, মাজারের দানবাক্স বিতর্ক এবং পদায়ন নিয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক ‘বিমানবন্দর নাটকীয়তার’ পর সিলেটের মতো একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী ও রাজনৈতিকভাবে সংবেদনশীল জেলার প্রশাসনিক হাল ধরা নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুনের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে।


খুব দ্রুতই তিনি সিলেটে এসে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তাঁর কার্যভার গ্রহণ করবেন বলে জানা গেছে।

ডিডি / অথৈই

মন্তব্য করুন: