ওসমানীতে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার,কাজে যোগ দিচ্ছেন শনিবার
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পাঁচ ঘণ্টার বৈঠকের পর নির্দিষ্ট শর্তসাপেক্ষে আগামী শনিবার থেকে তারা কর্মস্থলে যোগ দেবেন। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর হস্থক্ষেপে চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে এই তথ্য নিশ্চিত করে হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক ডা. রাকিন হান্নান জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে ক্যাজুয়ালিটি বিভাগে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনার পর কর্মবিরতি পালন করা হয়। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ বৈঠকে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত ইন্টার্ন চিকিৎসক নেতৃবৃন্দের পক্ষ থেকে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, হাসপাতাল ও ক্যাম্পাসে স্থায়ী নিরাপত্তা জোরদার, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং অ্যাটেনডেন্ট পাস কার্ড ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।
বৈঠকে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি ছাড়াও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনীর, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, হাসপাতালের উপ-পরিচালক ডা. হুমায়ুন কবির, সহকারী পরিচালকবৃন্দ ও কোতোয়ালী থানার ওসি খান মোঃ মাঈনুল জাকির উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী জানান, হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসক এবং রোগীদের স্বজন উভয় পক্ষকেই ধৈর্য্য ধারণ করতে হবে। কারণ সরকারী হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া চিকিৎসকদের যেমন কর্তব্য, তেমনী তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের কর্তব্য। কোন কিছু হলেই চিকিৎসকের উপর হামলার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। চিকিৎসকদেরকেও কথায় কথায় কর্মবিরতি ঘোষণা দেয়া থেকে বিরত থাকা উচিত। আপাতত ইন্টার্ন চিকিৎসকবৃন্দ তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। তারা শনিবার কাজে যোগদান করবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এর সত্যতা নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনীর জানান, বৈঠকে ইন্টার্ন চিকিৎসকগণ কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। শনিবার থেকে তারা কাজে যোগদান করবেন।
প্রসঙ্গ- গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক শিশুরোগীকে নিয়ে জরুরি বিভাগে এলে কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে রোগীর স্বজনরা বাইরে থেকে আরও লোকজন ডেকে এনে চিকিৎসকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন । খবর পেয়ে অন্য ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হলে উভয়পক্ষের মধ্যে এক ঘন্টাব্যাপী সংর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: