সিলেটে এসএমপির ৩২ ঘণ্টায় বিশেষ অভিযানে আটক ৬৭
সিলেট নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ৬৭ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৩৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএমপি সূত্র জানিয়েছে, বুধবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, হকার এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেফতারকৃত আসামি রয়েছেন।
অভিযান চলাকালে ৬৫ বস্তা ভারতীয় বাসমতি চাল ও ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৬১টি যানবাহন আটক করা হয়।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: