সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খসরু আর নেই
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খসরু মারা গেছেন। আজ শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
শোকবার্তায় এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, “সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু ভাই ইন্তেকাল করেছেন। তিনি সত্যিকার অর্থেই একজন ভালো, নির্লোভ ও সদালাপী মানুষ ছিলেন। অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত খসরু ভাইকে আল্লাহ জান্নাতবাসী করুন। বিগত নির্বাচনে তিনি ধানের শীষের পক্ষে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে অনেক পরিশ্রম করেছেন। সর্বশেষ গত রমজানে গোলাপগঞ্জে আমাদের ইফতার মাহফিলেও তিনি অংশ নিয়েছিলেন।”
শরফ উদ্দিন খসরু সিলেট-৬ আসনের দুই মেয়াদের সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৫ সালে তিনি বিএনপিতে যোগদান করেন এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৯ সালের শেষের দিকে তিনি আবারও জাতীয় পার্টিতে ফিরে যান এবং দলটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৮ সালে তিনি প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) হয়ে ‘কুলা’ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।
শরফ উদ্দিন খসরু সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আসদ্দর আলী। নিজ গ্রামের স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করে তিনি ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আর আর
মন্তব্য করুন: